পিএসএলের এলিমিনেটর ম্যাচে বল হাতে ঝলক দেখিয়ে নিজের প্রত্যাবর্তন ঘোষণা করলেন সাকিব আল হাসান। এক ওভার বোলিং করে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট নেওয়া এই অভিজ্ঞ অলরাউন্ডার জানালেন, দীর্ঘ বিরতির পর মাঠে ফিরলেও আত্মবিশ্বাস হারাননি তিনি।
সাকিব বলেন, “অনেকদিন পর ক্রিকেটে ফিরলে আপনি স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বসিত থাকেন। তবে সেই সঙ্গে দেখতে হয় শরীর কীভাবে সাড়া দিচ্ছে। অনেকদিন পর খেলা একটু আলাদা, তবে আমার জন্য ভালোই হয়েছে। লাহোর কালান্দার্সের পরের ম্যাচগুলো আমার জন্য আরও ভালো হবে।”
আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে লাহোর কালান্দার্স। ফাইনালে ওঠার এই লড়াইয়ে সাকিবের অভিজ্ঞতা যে দলটির জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।
শুধু পিএসএলেই নয়, সামনে আরও বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার আগ্রহ রয়েছে সাকিবের। নিজেই জানালেন, “আমি এখনই অন্যান্য লিগে, বিশেষ করে পাকিস্তান সুপার লিগে খেলতে চাই। আগামী চার-পাঁচ মাসে কী হবে জানি না। তবে এখন আমার কিছু কনট্র্যাক্ট আছে। আমি অবশ্যই বিভিন্ন লিগে খেলব।”
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাইরেও আন্তর্জাতিক মঞ্চে নজর রাখছেন এই তারকা অলরাউন্ডার। আসন্ন পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আশাবাদী সাকিব। তার ভাষ্য, “দুই দলের মধ্যে ভালো একটি সিরিজ হবে আশা করি। দুই দলেই এখন অনেক তরুণ ও উদ্যমী খেলোয়াড় রয়েছে, যারা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছে।”