ড. ইউনূসের প্রতি ফারুক

আমরা আপনার পদত্যাগ চাই না, নির্বাচন কাদের কথায় দিচ্ছেন না?

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‍উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, আপনাকে কেন বসিয়েছিলাম? ৯ মাসে আপনি কী করলেন? আপনার না পারার কারণ জানতে চাই। আমরা চাই না আপনার পদত্যাগ। একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। কাদের কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হলো না?”

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ আহ্বান জানান তিনি।

জয়নুল আবেদীন ফারুক বলেন, “গত পরশু দেখলাম, দেড়শ জন লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে। সাম্য হত্যার প্রতিবাদ করে যাচ্ছে ছাত্রদল। সবাই ইউনূস সরকারের কাছে দাবি পেশ করছে।”

তিনি আরও বলেন, “গতকাল সবচেয়ে বেশি মনে কষ্ট পেয়েছি। যে দেশে গণতন্ত্র থাকবে, সুষ্ঠু নির্বাচন থাকবে, সেই দেশে এমন কিছু রাজনৈতিক দল ছিল যারা জনগণের সব আশা ধ্বংস করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পারিবারিক সম্পত্তিতে পরিণত করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে।”

ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি ব্যক্তিগত ইউনূস নন, আপনি জনগণের। আপনি বলেছেন পদত্যাগ করতে চাই—এসব দেখে আমার মন খারাপ হয়েছে।”