গোপালগঞ্জে ২৭ মামলার দুই আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে মোট ২৭ টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২২মে) দিবাগত রাতে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার ( ২৩মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের গজালিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে তাহিন শেখ (২৬) । তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও সদর থানায় অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাইসহ মোট ১৫টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার একই উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোক্তার শেখের ছেলে হামিম শেখ (২৩)। তার বিরুদ্ধে একই অভিযোগে ১২টি মামলা রয়েছে। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, গোপন সংবাদ ছিল বৃহস্পতিবার রাতে গিমাডাঙ্গা আজিম বাজার এলাকার নিয়ামুলের বাড়িতে অবস্থান করছে অপহরণসহ বিভিন্ন মামলার আসামি তাহিন শেখ ও হামিম শেখ। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

তিনি জানান, তাদের নামে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থানায় অপহরণ, নারীদের প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।