সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমন্বয় পরিষদের সভা

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা গত ২১-২২ মে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সভায় ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই সভায় প্রধান অতিথি তার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানগুলোর অবদানকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান। সভায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অর্জনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।

ওই সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদপ্তর; মহাপরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এবং সেনাবাহিনী পরিচালিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষরাসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আইএসপিআর