বাংলা একাডেমি

নজরুল পুরস্কার পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

গবেষক ও অধ্যাপক আনোয়ারুল হক এবং সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার ২০২৫’ দিচ্ছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তারা।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে রবিবার বিকালে বাংলা একাডেমি আয়োজিত নজরুল জয়ন্তী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ১ লাখ টাকা। সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।

শবনম মুশতারী ষাটের দশকের শুরুতে নজরুল সংগীত চর্চা শুরু করেন। একটা সময় টেলিভিশনে নজরুলসংগীতের অনুষ্ঠান মানেই ছিল তার উজ্জ্বল উপস্থিতি। বিভিন্ন সময়ে তার কয়েকটি অ্যালবামও বের হয়েছে। এই শিল্পীর দুই বোন ইয়াসমিন মুশতারী এবং পারভীন মুশতারীও নজরুল সংগীতশিল্পী।

নজরুলের গানের চর্চা ও প্রসারে অবদান রাখায় ১৯৯৭ সালে একুশে পদক পেয়েছিলেন শবনম মুশতারী। অন্যদিকে কুমিল্লার মোগলটুলিতে ১৯৫২ সালের ১৯ জানুয়ারি জন্ম নেওয়া আনোয়ারুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্র ছিলেন। এই শিক্ষক নজরুলের জীবন-সৃষ্টি নিয়ে জীবনভর গবেষণায় মগ্ন থেকেছেন।