ইশরাককে ঠেকাতে ‘একাট্টা’ নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপি!

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনকে ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিলে একাট্টা হয়েছে। এবার এনসিপির এক নেতার হয়ে অন্তবর্তী সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী সালাউদ্দিন রিগ্যান।

আইনজীবী সালাউদ্দিন রিগ্যান একাদশ জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকার দুই সিটি নির্বাচনের শিডিউল ঘোষণার জন্য এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের সংগঠক হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে গত ২২ মে তিনি এই লিগ্যাল নোটিশ পাঠান।

এদিকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আইনজীবীকে দিয়ে গণঅভ্যুত্থানের সরকারকে লিগ্যাল নোটিশ দেওয়ায় এনসিপির ওই নেতাকে নিয়েও আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মন্তব্য করছেন, ইশরাককে ঠেকাতে আওয়ামী লীগ-এনসিপির একাট্টা। তবে  অনেকেই বলছেন এর মূল কলকাঠি নাড়ছেন পতিত সরকারের অবৈধ মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসসহ আওয়ামী দোসর  এবং এনসিপি নেতারা। এনসিপির ওই সংগঠকের বাড়িও লক্ষীপুরে। ঢাকার বংশাল এলাকায় কাপড়ের ব্যবসা করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে আওয়ামী আইনজীবী প্যানেলের বিদ্রোহী গ্রুপ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজল শামস পরশের স্ত্রী এডভোকেট নাহিদ সুলতানা যুথির হয়ে সুপ্রিম কোর্টে ভাঙচুর চালায় আওয়ামী পন্থী আইনজীবীরা। এ ঘটনায় ২০২৩ সালে ১৫ মার্চ রিগ্যান, এডভোকেট যুথিসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন আইনজীবী ও নেতার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান একটি মামলা দায়ের করেন। ওইদিন রাত সাড়ে ৮টায় রাজধানীর দোয়েল চত্বর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। ২১ মার্চ তিনি জামিন পান। 

জামিনের পর রিগ্যানের স্ত্রী এডভোকেট তাহেরা খাতুন সাংবাদিকদের জানান, ফেসবুকে রিগ্যান দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে সমালোচনা করে লেখালেখি করেন। যে কারণে তাকে অনেকে সরকার বিরোধী মনে করে। কিন্তু সে আওয়ামী পরিবারের সন্তান। 

গত ২০ মে আওয়ামী লীগ সমর্থিত ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিত চেয়ে নোটিশ পাঠান রিগ্যান। একই দিনে এনসিপির ওই কর্মী ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন দ্রুত আয়োজনের অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন। এরপর থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে রিগ্যানের বেশ কিছু ছবি। তার ফেসবুক প্রোফাইলে এখনো শেখ মুজিব, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভিন্ন ছবি, পোস্টারের ছড়াছড়ি।