ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের পাঠানো ১২ জন আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে দেওয়া ১২ বাংলাদেশিকে আটক করেছে কুড়িগ্রাম ২২ বিজিবির দিয়াডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা। পরে তাদেরকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে বিজিবি। শনিবার (২৪ মে) সকালে ভূরুঙ্গামারী উপজেলার ভাষানীর মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ নারী ও ৩ শিশু রয়েছে। কাজের সন্ধানে তারা দীর্ঘদিন আগে ভারতে ছিলেন।

আটকরা হলেন- আব্দুল মজিদ (৪২), হালালী বেগম (৩৬), হালাল মিয়া (২০). আতাউর রহমান (৩৮), আনোয়ারা বেগম (৩৫), আল আমিন (১৯), আরজিনা খাতুন (১৬), আহসান হাবিব (২৭), গুলেনুর বেগম (৪০), মনিষা বেগম (২০), আবু বক্কর সিদ্দিক (৯ মাস), এনামুল হক (৪০), মর্জিনা বেগম (৩০) ইদুল হাসান (১৬)। এদের সবার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়।

আটক নাগরিকরা জানান, তারা দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতে যায়। কয়েকদিন আগে তাদেরকে আটক করা হয়। পরে শুক্রবার গভীর রাতে ভূরুঙ্গামারীর সীমান্তের কোনো এক স্থান দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত থেকে ভূরুঙ্গামারী সদরের দিকে আসার সময় কামাত আঙ্গারিয়া ভাসানীর মোড় থেকে তাদেরকে আটক করে বিজিবি।

ভূরুঙ্গামারী থানার ওসি আল-হেলাল মাহমুদ জানান, সীমান্ত থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে বিজিবি। শনিবার বিকালে আটকদের থানায় হস্তান্তর করে বিজিবি। আটক সবাই জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।