রোগী সেজে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টানা ৪ ঘন্টা এ অভিযান পরিচালিত হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
প্রথমেই তারা রোগী সেজে হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করেন। পর সরাসরি হাসপাতালে অভিযান চালায়। এ সময় তারা কর্মকর্তাদের অনুপস্থিতি, পরিমানে কম খাবার বিতরণ, ঔষধ বিতরনে অনিয়ম ও কয়েকটি ঠিকাদারের কার্যক্রমে গাফিলতি দেখতে পান। এসব তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরনের পর প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।
এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম বলেন, ‘এখানে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ও আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) পায়নি। তার প্রতিনিধি হিসেবে মেডিকেল অফিসারকে নিয়ে কাজ করি। এখানে খাবার কম দেওয়ার বিষয়টি সুনির্দষ্টভাবে প্রমাণিত হয়। দুপুর এবং রাতের বেলায় প্রতিটি রোগীকে ২১০ গ্রাম খাবার দেওয়ার কথা থাকলেও ১১২ গ্রাম করে খাবার দেওয়া হচ্ছে। এছাড়াও ঔষধের যে কাউন্টার রয়েছে সেখানেও অনিয়ম আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা আরও তথ্য সংগ্রহ করে এবং তাদের কাছ থেকে আরও তথ্য নিয়ে যাচাইবাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’