সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকা দিয়ে নারী, শিশুসহ ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৪ মে) সকালে এই ২১ জন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর লোভাছড়া ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
১৯ বিজিবি (জকিগঞ্জ ব্যাটালিয়ন) এর সিও লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটককৃতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে।
আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চন্দ্রকোনা গ্রামের মৃত আবদুল বাতেনের ছেলে নূর মোহাম্মদ (৪০), তার স্ত্রী রেজিয়া বিবি (৩৫), তাদের ছেলে রিয়াজুল (২১), রবিউল (১১), মেয়ে নূর বানু (৮), নূর মনি (৩), নূরী (১), পুত্রবধূ আলমিনা বেগম (২১), একই থানার ধর্মপুর গ্রামের মৃত আবদুলের ছেলে শাহ জামাল (৫০), তার স্ত্রী হাছনা বানু (৪৩), তাদের ছেলে হামিদুল ইসলাম (৩২), হাফিজুল ইসলাম (১৯), হাসানুর (১৪), পুত্রবধূ মিতা বেগম (২৫), হামিদুলের শিশু মেয়ে হালিমা (৪), ছেলে মারুফ (২), নাটোর জেলার লালপুর গ্রামের কাঙাল শেখের ছেলে আইয়ূব আলী (৪০), একই গ্রামের রবেশ শেখের পুত্র বিষু শেখ (২০), রাজশাহী জেলার সদর থানার কাজিহাটা গ্রামের বজলুর রহমানের ছেলে আলি রেহমান (২৮), নিজাম উদ্দিন (২২), একই জেলার চক রাজাপুর গ্রামের মইন উদ্দিন সরকারের ছেলে পলাশ সরকার (২৫)।
বিজিবিসূত্র জানায়, পুশইনকৃতরা দীর্ঘদিন থেকে ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি তাদেরকে ভারতের পুলিশ আটক করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এনে বিএসএফ এর কাছে স্থানান্তর করে। এরপর বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করেছে।
কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে গত ১৪ মে আরও ১৬ জনকে পুশইন করেছিল বিএসএফ। পুশইনকৃত ওই ১৬ জনকে দনা বিজিবি ক্যাম্পের সদস্যরা আটকের পর কানাইঘাট থানায় হস্তান্তর করলে পরবর্তীতে তাদের আত্মীয়দের হেফাজতে ছেড়ে দেওয়া হয়।