রিজওয়ানা হাসান বললেন

শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে

পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে এবং এ পানিকে পুনর্ব্যবহার যোগ্য করতে হবে। আমরা ঢাকার চারটি নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা চূড়ান্ত করে চুক্তি করে দেওয়ার চেষ্টা করব। আমাদের সময়ে অন্যান্য নদীগুলোর কাজ শুরু করা হবে না। কিন্তু আশা করি তুরাগ নদী পুনরুদ্ধারের কাজটা আমাদের সময়ে শুরু হয়ে যাবে। এজন্য আমাদের বিশ্ব ব্যাংক সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে। গাজীপুরের গাছা খাল, লবণদহ, পুকুর উদ্ধার ও ৫ আগস্টের পর দখল হওয়া ও ঝামেলা কম এমন দখল হওয়া বনভূমি উদ্ধার। এই কয়েকটি কাজ আমরা আগে শেষ করি।

গতকাল শনিবার গাজীপুর পিটিআই মিলনায়তনে পানি ফোরাম আয়োজিত ‘নদী ও জলাভূমি সিম্পোজিয়াম-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নাফিউ সাজ্জাদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, বহুমুখী পাটপণ্য উৎপাদনও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. রাশেদুল করিম মুন্না, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার আহমেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহির, পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক আরেফীন বাদল।