ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) সমমান ঘোষণা করার প্রজ্ঞাপন জারি না হলে ৩০ মে থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুমকি দিয়েছে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি।
গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে কথা বলেন কমিটির মন্ত্রণালয়ভিত্তিক প্রতিনিধি শিক্ষানবিশ নার্স এ বি শক্তি ও সালমান রাতুল এবং মিডওয়াইফারি শিক্ষার্থী মিথিলা ও ছোহাইমা রাফা।
এ সময় শিক্ষার্থীরা জানান, আগামী ২৯ মে তাদের দাবির বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে। সেখানে যদি তাদের দাবি মেনে লিখিত কোনো প্রজ্ঞাপন না আসে, তাহলে তারা পরদিন থেকেই কঠোর কর্মসূচিতে যাবেন।