৯ দফা দাবিতে বিএডিসিতে শ্রমিক বিক্ষোভ

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করাসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে বীজ প্রক্রিয়াজাতের সঙ্গে জড়িত সারা দেশের শ্রমিকরা। এ সময় সারা দেশ থেকে আসা শ্রমিকরা বিএডিসি কার্যালয়ের সামনে অবস্থান করেন। পরে তারা সংস্থাটির চেয়ারম্যান রুহুল আমিন খানের বরাবর একটি স্মারকলিপি দেন।

গতকাল শনিবার সকাল থেকেই সারা দেশ থেকে আসা এই শ্রমিকরা মতিঝিলের বিএডিসি ভবনের সামনে দাঁড়িয়ে দাবি আদায়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

তবে শ্রমিকদের পক্ষ থেকে বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খানের কাছে দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি দেওয়া হলেও তিনি দাবি মানার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি বলে জানান আন্দোলনরত শ্রমিকরা। বিএডিসির চেয়ারম্যান কৃষি মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন আন্দোলনকারীদের। যে কারণে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের জারি করা কৃষি নীতিমালা ২০১৭-এর বাস্তবায়ন, অনিয়মিত শ্রমিক থেকে নিয়মিতকরণ ও নিয়োগ প্রদান।