শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘খুব দ্রুতই আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। এটা হবে আবেগময় একটা দিন। আমি কাঁদলেও সমস্যা নেই।’ কার্লো আনচেলত্তি কাঁদলেন। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটাই স্পেনের মাটিতে রিয়ালে মদ্রিচের শেষ ম্যাচ হয়ে রইল।ম্যাচ শেষে আরেক বিদায়ী ফুটবলার লুকা মদ্রিচ এবং কার্লো আনচেলত্তির জন্য বিশেষ আয়োজন করেছিল রিয়াল। গ্যালারিভর্তি দর্শকদের সামনে হাত নেড়ে দুজনে বিদায় নেন সান্তিয়াগো বার্নাব্যু থেকে।
মাঠে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে কথা বলতে গিয়ে গলা ধরে আসে সদ্য বিদায়ী রিয়াল কোচের। একপর্যায়ে তিনি কেঁদে ফেলেন। কান্নার দমকে কথাও বলতে পারছিলেন না।
প্রিয় কোচের কান্না ছুঁয়ে যায় গ্যালারিতে থাকা দর্শক ও ক্লাব কর্মকর্তাদেরকেও। তাদের চোখেও দেখা দেয় অশ্রু। উঠে দাঁড়িয়ে বিরামহীন করতালির মাধ্যমে তারা কোচকে বিদায়ী অভিবাদন জানান।
মাদ্রিদের ক্লাবটির হয়ে আনচেলত্তি ৬ বছরে ১৫টি শিরোপা জিতেছেন, যা রিয়ালের ইতিহাসে অন্য কোচেদের চেয়ে অনেক বেশি।
বিদায়ী ভাষণে কার্লো আনচেলত্তি বলেন, ‘আমি খুবই খুশি ও গর্বিত, অসাধারণ একটা সময় কেটেছে। এখানে এই সময়ে যা কিছু ঘটেছে, এর কোনো কিছুই আমরা ভুলে যেতে পারি না।’
বিদায়ী ভাষণে কার্লো আনচেলত্তি বলেন, ‘আমি খুবই খুশি ও গর্বিত, অসাধারণ একটা সময় কেটেছে। এখানে এই সময়ে যা কিছু ঘটেছে, এর কোনো কিছুই আমরা ভুলে যেতে পারি না।’
তিনি আরও বলেন, ‘আমি খুব সন্তুষ্টি নিয়ে এখান থেকে যাচ্ছি। এই পরিবারের সদস্য হতে পারা, এখানে ইতিহাস রচনা করা এবং ইতিহাসের অংশ হওয়া সম্মানের, আনন্দের।’