কক্সবাজারে ছোট দু'ভাইয়ের মারধরে বড় ভাই নিহত

কক্সবাজারের পেকুয়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট দু'ভাইয়ের মারধরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ মে) সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ষাটদুনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম মো. মামুন (৫৪)। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।

জানা গেছে, মোজাম্মেল ও  মমতাজুল ইসলামের সঙ্গে বড় ভাই মো. মামুনের জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল।  বিরোধ নিষ্পত্তির জন্য জমি পরিমাপ করার সময় তিন ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা  হয়। এক পর্যায়ে মোজাম্মেল ও মমতাজ মিলে মামুনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’