সাবের চৌধুরী ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রবিবার দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা আবেদন করে।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ দেশত্যাগের নিষেধাজ্ঞা দেন।

পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন সাবের চৌধুরীর স্ত্রী রেহানা চৌধুরী, দুই ছেলে হামদান হোসেন চৌধুরী ও আরাজ আলম চৌধুরী এবং দুই মেয়ে রাইমা চৌধুরী ও আলিশা বাবর চৌধুরী।

আবেদনে বলা হয়, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানে জানা যায়, সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে (ঢাকা এলাকা ছাড়াও দেশের অন্যান্য এলাকায়) এবং দেশের বাইরে কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

সাবের হোসেন চৌধুরী এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে  পারে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।