ইনজুরিতে পাকিস্তান সফর শেষ মোস্তাফিজের, স্কোয়াডে খালেদ

পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরায় দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কাটার মাস্টারকে। তার অনুপস্থিতিতে পাকিস্তান সফরের দলে ডাকা হয়েছে ডানহাতি পেসার খালেদ আহমেদকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

বিসিবির জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন সিভা এক বিবৃতিতে জানান, 'আইপিএলে গতকাল নিজের শেষ ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার হয়েছে মুস্তাফিজের। এই ধরণের ইনজুরির জন্য বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। আমাদের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, মুস্তাফিজ আগামী দুই থেকে তিন সপ্তাহ খেলার জন্য অনুপযুক্ত থাকবেন। দুই সপ্তাহ পর পুনরায় মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।'

এমন অবস্থায় পাকিস্তান সফরের জন্য ঘোষিত স্কোয়াডে মুস্তাফিজের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে সিলেটের পেসার খালেদ আহমেদকে।