বিএনপি’র মহাসচিবের নামে ফ্যাক আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ২ 

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোটভাই মির্জা ফয়সল আমীনের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে প্রতারণা প্রতারণা করা অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলার সহিদুল ইসলাম ও টাঙ্গাইল জেলা দিঘুলিয়া উপজেলার হায়দার রহমান। 

রবিবার (২৫ মে) বিকেলে আটককৃতদের পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত হায়দার রহমানের তিনদিন এবং সহিদুল ইসলামের ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এরআগে সহিদুল ইসলাম এবং হায়দার রহমানকে তার নিজবাড়ি থেকে পৃথক অভিযান চালিয়ে পুলিশ আটক করে। 

রবিবার (২৫ মে) মির্জা ফখরুলের পক্ষে নুর এ শাহাদৎ স্বজন এবং গত ২১ মে ফখরুলের ভাই ফয়সল আমীনের পক্ষে সাইফুল ইসলাম সবুজ ঠাকুরগাঁও থানায় প্রতারণার মামলা দায়ের করেন। 

লিখিত অভিযোগে জানা যায়, গত ১৭ মে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মামলার বাদি জানতে পারেন যে, ‘জয় খান’ (হোয়াটসঅ্যাপ নম্বর : ০১৭০৪-৫৫৩০৫৫) নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং মো. শাকিল আহমেদ নামে এক ব্যক্তি (পরিচয় ও ঠিকানা অজ্ঞাত) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি ভুয়া ফেসবুক আইডি তৈরি করেছেন। এই ভুয়া আইডি ব্যবহার করে প্রতারকচক্র নিজেদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে দলের গুরুত্বপূর্ণ পদ এবং সংসদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঁদা দাবি করছিল। অভিযুক্তরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাইবার স্পেসে এই প্রতারণা চালিয়ে আসছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার ছোটভাই ফয়সল আমীনের রূপ ধারণ করে বিভিন্ন ব্যক্তির কাছে তদবিরের কথা বলে অর্থ দাবি করছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, ‘বিএনপির মহাসবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোট ভাই মির্জা ফয়সল আমীনের  ছবি ও নাম ব্যবহার একটি ভুয়া ফেসবুক ও হোয়াটসএ্যাপ আইডি খুলে বিভিন্ন এলাকার নেতাদের সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দেওয়ার নাম করে টাকা নেওয়ার চেষ্টা করছিল। এছাড়াও দলীয় পদ কিংবা তদবিরের কথা বলে চাঁদা নেওয়ার পায়তারা করছিল ওই চক্রটি। রিমান্ড শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’