যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে অর্থ পাচারের অভিযোগের মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ মঞ্জুরুল হোসেন এ দন্ড দেন। পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, পাপিয়ার সহযোগী সাব্বির খন্দকার, শেখ তায়িবা নূর ও জুবায়ের আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত।
অসুস্থতার কারণে দেখিয়ে গতকাল পাপিয়ার আইনজীবী সময় চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর করে পাপিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
নরসিংদী জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ ডলার, শ্রীলঙ্কা ও ভারতের কিছু মুদ্রা এবং দুটি ডেবিট কার্ড জব্দ করা হয়। ২০২০ সালে পাপিয়া ও তার স্বামীকে অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ড দেয় একটি আদালত। পরে উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হন।