ন্যূনতম সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বাম জোট

রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তাদের অভিযোগ, অন্তর্র্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নিয়ে শুধু একটি বিশেষ দল ও গোষ্ঠীর প্রতি সমর্থন ব্যক্ত করায় দূরত্ব ও সংকট তৈরি হয়েছে। তাই দেশের উদ্ভূত রাজনৈতিক সংকটের দায় অন্তর্র্বর্তী সরকারকেই নিতে হবে বলে।

গতকাল রবিবার ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের পরিচালনা কমিটির এক বৈঠকে এ কথাগুলো বলা হয়। পরে জোটের পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, অন্তর্র্বর্তী সরকার সংস্কার ও গণহত্যার বিচার প্রক্রিয়াকে দীর্ঘসূত্রতার কৌশলে ফেলে এখতিয়ারবহির্ভূতভাবে মিয়ানমারের সঙ্গে মানবিক করিডর, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার মতো কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে বর্তমান রাজনৈতিক সংকট তৈরি করেছে। এমন অবস্থায় সরকারের উচিত চব্বিশের গণহত্যার বিচার প্রক্রিয়াকে জনগণের কাছে দৃশ্যমান করা এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজনীয়।