ঈদে গণমাধ্যমে পাঁচ দিন ছুটির দাবিতে স্মারকলিপি

আসন্ন পবিত্র ঈদুল আজহায় গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য কমপক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করে গেজেট প্রকাশের দাবিতে তথ্য উপদেষ্টাকে মাহফুজ আলমকে স্মারকলিপি দিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ। গতকাল রবিবার সংগঠনের পক্ষ থেকে সদস্য সচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত এ স্মারকলিপি দেওয়া হয়।

এতে বলা হয়, এ বছর পবিত্র ঈদুল আজহায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য কমপক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা আবশ্যক হয়ে পড়েছে। অন্যথায় সাংবাদিক কমিউনিটিতে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়বে।

স্মারকলিপিতে আরও বলা হয়, সাংবাদিকরা দুই ঈদে ছুটি পেলেও দুর্গাপূজা, বড়দিন ও বুদ্ধপূর্ণিমায় কোনো ছুটি দেওয়া হয় না। এমনকি অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ছুটির দিনেও ছুটি পাওয়া যায় না। সেই সঙ্গে ছুটির দিনে কাজ করানোর পর বিশেষ মজুরিও দেওয়া হয় না। ছুটির ক্ষেত্রে এই বৈষম্য দূর হওয়া একান্ত আবশ্যক।