সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবি আদায়ে এবার পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
গতকাল রবিবার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন করছেন। দাবিগুলো হলো কনসালট্যাশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডপ্রাপ্তির জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়া।