রাজধানীর মগবাজারের একটি গলিতে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যুবক। বাধা দেওয়ায় তাকে একাধিকবার চাপাতি দিয়ে কোপানো হয়। ঘটনার সময়ের একটি সিসি ক্যামেরা ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছিনতাইয়ের এই ঘটনা ঘটে গত ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে। ফুটেজে দেখা যায়, এক যুবক কাঁধে ব্যাগ ঝুলিয়ে একটি নির্জন গলি ধরে হাঁটছিলেন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা মোটরসাইকেলে থাকা তিন যুবকের মধ্যে দুজন হঠাৎ তার দিকে এগিয়ে গিয়ে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ভুক্তভোগী যুবক বাধা দিতে গেলে, মুখে মাস্ক পরা ছিনতাইকারীরা সঙ্গে থাকা চাপাতি বের করে তাকে উপর্যুপরি আঘাত করতে থাকে। চারপাশে কুকুরের চিৎকারও শোনা যায় ওই সময়। ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে পালাতে চাইলে যুবকটি মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য আকুতি জানাতে থাকেন। এতে ছিনতাইকারীরা আরও ক্ষিপ্ত হয়ে যান। মোটরসাইকেল থেকে নেমে আবারও যুবকটির ওপর চাপাতি নিয়ে হামলা চালান তারা।
বিষয়টি নিয়ে গতকাল রবিবার হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, পুলিশ ইতোমধ্যেই ভাইরাল হওয়া ভিডিওটি পর্যালোচনা করেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
তিনি জানান, ‘আমরা ভুক্তভোগী যুবক এবং মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারীকে শনাক্ত করার চেষ্টা করছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’