রিওতে পৌঁছাতেই আনচেলত্তিকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস

ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি পা রেখেছেন রিও দে জেনেইরোতে। স্থানীয় সময় রবিবার রাত ৮টা ৫০ মিনিটে তার ফ্লাইট অবতরণ করে শহরের বিমানবন্দরে। দীর্ঘ অপেক্ষার পর বহুল প্রতীক্ষিত এই ইতালিয়ান কোচের আগমন ছিল আলোচনার শীর্ষে—বিশ্বজুড়ে আনচেলত্তির এই ফ্লাইট ট্র্যাক করেছেন প্রায় ১৫ হাজার মানুষ, যা ওই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি অনুসরণকৃত ফ্লাইট হিসেবে রেকর্ড গড়ে।

৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি না হয়েই সরাসরি চলে যান শহরের পশ্চিমাঞ্চলের বারা দা তিজুকার একটি হোটেলে। সেখানেই তাকে ঘিরে ধরেন ব্রাজিলিয়ান ভক্তরা। অনেকে পতাকা হাতে অভ্যর্থনা জানান এই অভিজ্ঞ ইউরোপিয়ান টেকটিশিয়ানকে। গাড়ি থেকে নেমেই আনচেলত্তিকে দেখা যায় সিবিএফ-এর জাতীয় দল বিভাগের পরিচালক রদ্রিগো কায়েতানোর সঙ্গে কথা বলতে। এরপর তার সঙ্গে দেখা হয় সদ্য নির্বাচিত সিবিএফ প্রেসিডেন্ট সামির জাউদের সঙ্গে, যার মেয়াদ চলবে ২০২৯ সাল পর্যন্ত।

ancelotti1

আনচেলত্তি সোমবার (২৬ মে) বিকেল ৩টায় (ব্রাসিলিয়া সময়) জাতীয় দলের প্রথম স্কোয়াড ঘোষণা করবেন। একই দিনে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে পরিচয় করিয়ে দেওয়া হবে ব্রাজিল ফুটবলপ্রেমীদের কাছে।

ব্রাজিলের হয়ে আনচেলত্তির কোচিং অভিষেক হবে আগামী ৫ জুন, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে। সেদিন গুয়ায়াকিলে ইকুয়েডরের মুখোমুখি হবে সেলেসাও। ম্যাচ শুরু হবে রাত ৮টায় (ব্রাসিলিয়া সময়)। এরপর ১০ জুন, রাত ৯টা ৪৫ মিনিটে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, ভেন্যু সাও পাওলোর নেও কিমিকা অ্যারেনা।

FB_IMG_1748233027524

নতুন অধ্যায় শুরুর প্রাক্কালে গোটা ব্রাজিল এখন তাকিয়ে আনচেলত্তির দিকে—দীর্ঘদিন পর সেলেসাওয়ের সোনালি স্বপ্ন পূরণে তিনি কি পারবেন সেই মুকুট ফিরিয়ে আনতে?