টাঙ্গাইলে বাসে ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যাত্রীবাহী বাস ডাকাতি ও শ্লীলতাহানীর ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে গতকাল রবিবার রাতে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) এবং মৃত ইমান আলী সেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ১৯টি মোবাইল ফোন, যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বিভিন্ন সময়ে সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ডে নিয়ে তদন্ত করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন, বুধবার বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।