আলফাডাঙ্গায় বিএনপির দু’পক্ষের সভা নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুটি গ্রুপ একই স্থানে পৃথক সভার ঘোষণা দেওয়ায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

স্থানীয় বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপ আলফাডাঙ্গা চৌরাস্তার মোড়ে একই সময় সভার ডাক দেয়। এতে সকাল থেকেই উভয় পক্ষের কর্মী-সমর্থকেরা জড়ো হতে থাকেন। যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।

এদিকে, একটি কর্মী সভায় কৃষক লীগের এক নেতার উপস্থিতি ঘিরে দলের অভ্যন্তরে ক্ষোভ সৃষ্টি হয়। এর প্রতিবাদে ঝুনু সমর্থকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা খন্দকার নাসিরুল ইসলামকে আওয়ামী লীগের সহযোগী আখ্যা দিয়ে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।

আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন জানিয়েছে, দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।