রিয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন জাবি আলোনসো। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে ক্লাবটি রবিবার তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। সোমবার সান্তিয়াগো বার্নাবেউয়ে এক জমকালো আয়োজনে আলোনসোকে পরিচয় করিয়ে দেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তিন বছরের চুক্তিতে লস ব্ল্যাঙ্কোসদের দায়িত্ব নিলেন বাস্ক অঞ্চলের এই কোচ, যিনি কার্লো আনচেলত্তির জায়গায় বসতে যাচ্ছেন।
আর দায়িত্ব নিয়ে কথা বলতে গিয়েই আনচেলত্তির কথা টেনে এনেছেন আলোনসো। আনচেলত্তিকেকে তার পথপ্রদর্শক বর্ণনা করে বলেছেন, “আমি বিশেষভাবে আনচেলত্তির কথা বলতে চাই। তিনি শুধু অসাধারণ একজন কোচই নন, বরং একজন অনুপ্রেরণাদায়ক মানুষ। তার কাছ থেকে শিখেছি অনেক কিছু। সম্ভবত উনার প্রভাব না থাকলে আমি কোচিংয়ে আসতাম না। আমি তার উত্তরাধিকার সম্মানের সঙ্গে বহন করব।”
রিয়াল সমর্থকদের প্রতিশ্রুতি আলোনসো প্রতিশ্রুতি দেন মাঠে ভালোবাসা, লড়াই আর আনন্দ ছড়িয়ে দেওয়ার, “আমাদের দুর্দান্ত একটি দল আছে, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমি এমন একটি দল গড়তে চাই, যেটা রিয়াল মাদ্রিদের নামের সঙ্গে মানানসই। আমি চাই সমর্থকরা গর্বিত হোক, মাঠে যেন আমরা আনন্দ ছড়াতে পারি। এমন ফুটবল খেলব, যা দেখে সমর্থকরা বলবে—এই দলটাই আমাদের।”
আলোনসোর প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে ১৫ জুন থেকে শুরু ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদকে খেলানোর। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে আলোনসো বলেন, 'পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছে। আমি এটিকে দুইভাবে দেখছি — এক, প্রক্রিয়াটিকে আগেভাগে শুরু করার সুযোগ হিসেবে। দুই, আরেকটি ট্রফির জন্য লড়ার সুযোগ হিসেবে। এটা আমাদের প্রথম ক্লাব বিশ্বকাপ, এবং আমাদের মধ্যে সেই উচ্চাকাঙ্ক্ষা আছে।”
রিয়াল মাদ্রিদের মতো ঐতিহ্যবাহী ক্লাবের দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত মনে করেন কি না প্রশ্নে আলোনসোর উত্তর ছিল আত্মবিশ্বাসে ভরা, “এটা এমন একটা মুহূর্ত যখন সবকিছু ঠিকঠাকভাবে একসাথে মিলে গেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ। মানুষ আশাবাদী, তারা কল্পনা করছে, তারা বিশ্বাস করতে চাইছে। আর এই বিশ্বাস থেকেই প্রচণ্ড শক্তি আসে। এরপর অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু এটা একটা দারুণ সময়।”