বাণিজ্য উপদেষ্টার সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি বৈঠক করেছেন।

গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও টেকসই করতে উভয় দেশকে বাণিজ্যিক সুযোগ কাজে লাগাতে হবে। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় প্রধান পাট উৎপাদনকারী দেশ। বিশ্বে পাট ও বাংলাদেশ সমার্থক হিসেবে পরিগণিত হয়। এ সময় তিনি বাংলাদেশ হতে পাটজাত ও ঐতিহ্যবাহী পণ্য আমদানি করতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান।

আলজেরিয়ার রাষ্ট্রদূত দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ইন্টার গভর্নমেন্ট জয়েন্ট ইকোনমিক কমিশন (আন্তঃসরকার যৌথ অর্থনৈতিক কমিশন) গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আলজেরিয়ায় পাট পণ্যের বেশ চাহিদা রয়েছে। সে কারণে বাংলাদেশ থেকে পাটের তৈরি পণ্য আমদানি করতে তারা আগ্রহী। এ সময় তিনি আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য এক্সপোতে বাংলাদেশি পাট ও ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শনের আহ্বান জানান। বিজ্ঞপ্তি