ভর্তি পরীক্ষা ফিরছে সরকারি পলিটেকনিকে

দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আবারও ভর্তিতে পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এ পদ্ধতি চালু হতে পারে। গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, কারিগরি শিক্ষার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে তাদের ভর্তি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে প্রকৃত আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় যুক্ত হতে পারবে। তিনি আরও বলেন, বর্তমানে এসএসসি পাস করলেই সরাসরি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির সুযোগ রয়েছে। এ ব্যবস্থায় অনেক সময় অপ্রস্তুত বা অনাগ্রহী শিক্ষার্থীরাও ভর্তি হয়, যার প্রভাব কোর্সের ফল ও শিক্ষার মানের ওপর পড়ে। ভর্তি পরীক্ষার মাধ্যমে শুধু প্রস্তুত ও দক্ষ শিক্ষার্থীদের সুযোগ দেওয়ায় শিক্ষা কার্যক্রম আরও ফলপ্রসূ হবে। নতুন এ ব্যবস্থা কারিগরি শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু ছিল।