নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেও সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আজ মঙ্গলবার সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সকাল থেকে সচিবালয়ের প্রধান ফটকে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকায় সংবাদকর্মীরাও ভেতরে ঢুকতে পারেননি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টার কিছু পর সচিবালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা বিক্ষোভে অংশ নেন। বেলা পৌনে ১২টার দিকে সচিবালয়ের প্রধান ফটক থেকে দেখা যায়, মিছিল নিয়ে আন্দোলনকারীরা মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের দিকে অগ্রসর হচ্ছেন।

সচিবালয়ে আজ সকাল থেকেই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। মূল ফটকে মোতায়েন রয়েছে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট। পাশাপাশি বিজিবি ও র‍্যাব সদস্যদেরও অবস্থান দেখা গেছে সচিবালয়ের আশপাশে।

সচিবালয়ের ভেতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকে আজ ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, আজ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ থাকবে।

সকাল থেকে সংবাদকর্মীদেরও বাইরে অপেক্ষা করতে দেখা গেছে। পুলিশ সদস্যরা জানান, সাংবাদিকদের প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত হবে দুপুর ১২টায়।

গতকাল সোমবার ছিল কর্মসূচির তৃতীয় দিন। সেদিন আন্দোলনকারীরা আজকের কর্মসূচির ঘোষণার পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মচারীদের একই ধরনের কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছিলেন।

এখন থেকে সচিবালয়ের সব দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে একটি প্ল্যাটফর্ম গঠনেরও ঘোষণা দেওয়া হয়েছে। এই ফোরামের ব্যানারে আন্দোলন চালিয়ে নেওয়ার কথা জানিয়েছেন নেতারা।