আশুলিয়ায় মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা

সাভারের আশুলিয়ায় মাদকের টাকা না পেয়ে নিজের মাকে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড ছেলে। ঘটনার পর থেকে হত্যাকারী ছেলে আওলাদ বেপারী (৩২) পলাতক রয়েছে। সোমবার (২৬ মে) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম সুফিয়া খাতুন (৬০)। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি এলাকার নেহাজুদ্দিন বেপারীর স্ত্রী। 

এলাকাবাসি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক ছেলে আওলাদ একজন মাদকসেবী। সে নিয়মিত মাদক সেবন করে এবং কোন কাজকর্ম করতো না। এজন্য সমাজের কারো সাথে তার ভালো সম্পর্ক নাই । তার মা সুফিয়া খাতুন অনেক কষ্টে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতো।

এদিকে রাতে ছেলে আওলাদ মাদক কেনার টাকা চেয়ে না পাওয়ায় মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী সুফিয়া খাতুনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, মাদকাসক্ত ছেলে টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি ঘাতক ছেলেকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।