বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অন্যতম শীর্ষ শিক্ষার্থীবিষয়ক সংগঠন বিইউপি ফাইনান্স সোসাইটি (বিইউপিএফএস) এবারও আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ বিনিয়োগ কৌশলভিত্তিক প্রতিযোগিতা ‘ক্যাপিটালাইজার ২০২৫’। এবারের আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে আকিজ টিম টিম।
২০১৮ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা ইতোমধ্যেই দেশের ফাইন্যান্স ও ব্যবসায় শিক্ষায়তনে একটি স্বীকৃত মঞ্চে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের আর্থিক বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ ও বিনিয়োগ পরিকল্পনায় দক্ষ করে তোলার লক্ষ্যেই প্রতিবছর আয়োজন করা হয় ক্যাপিটালাইজার প্রতিযোগিতা।
এ বছর ৩১ মে একটি অনলাইন ওয়ার্কশপের মাধ্যমে শুরু হবে প্রস্তুতি কার্যক্রম। যেখানে প্রশিক্ষক হিসেবে থাকবেন খ্যাতনামা পেশাজীবীরা।
প্রতিযোগিতার প্রথম রাউন্ড ‘ক্র্যাক দ্য কেস’ অনুষ্ঠিত হবে ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত। এতে অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট কেস স্টাডি বিশ্লেষণ করে তার সমাধান জমা দেবেন।
পরবর্তী ধাপ ‘ডিল বিহাইন্ড দ্য বাস’ শুরু হবে ১৬ জুন থেকে। এর আগে দ্বিতীয় আরেকটি অনলাইন ওয়ার্কশপ আয়োজন করা হবে। এই রাউন্ডে দলগুলো একটি নির্দিষ্ট ভেঞ্চারকে ঘিরে আর্থিক মূল্যায়ন, ঝুঁকি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ পূর্বাভাস প্রদান করবে।
চূড়ান্ত পর্ব ‘ক্যাপিটালাইজ ইট বিয়ন্ড’ অনুষ্ঠিত হবে ২৮ জুন, যেখানে প্রতিযোগীরা পাবলিক মার্কেট-সংক্রান্ত একটি কেস বিশ্লেষণ করবেন এবং বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করার কৌশল তুলে ধরবেন।
চ্যাম্পিয়ন দল পাবে ১.৫ লক্ষ টাকা, প্রথম রানারআপ ৯০ হাজার টাকা, এবং দ্বিতীয় রানারআপ ৬০ হাজার টাকা পুরস্কার। প্রতিটি দলে সদস্য সংখ্যা হবে তিন থেকে চারজন। আগের বছরের মতো এবারও ক্রস-ইউনিভার্সিটি দল গঠনের সুযোগ রয়েছে, যাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসঙ্গে অংশ নিতে পারেন।
প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে রাজধানীর পাঁচ তারকা হোটেল ‘লা মেরিডিয়ান’-এ।
রেজিস্ট্রেশন চলবে ২৯ মে পর্যন্ত।
আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে দেশের অন্যতম সম্মানজনক ফাইনান্স প্রতিযোগিতায় নিজেদের মেধা যাচাই করতে পারবেন।