শেয়ারবাজারে অ্যাকাউন্ট খরচ এখন ১৫০ টাকা

শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য সুখর দিলো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স বা বিও একাউন্ট ব্যবস্থাপনা খরচ কমানো হয়েছে ৩০০ টাকা পর্যন্ত।

এখন থেকে শেয়ার ব্যবসায়ীদের এক বছরের জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্টের জন্য ৪৫০ টাকার পরিবর্তে ১৫০ টাকা দিতে হবে। তবে বিও হিসাব খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজের পূর্বের নিয়ম কার্যকর থাকবে। 

অপরদিকে সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে অর্জিত সুদের ৭৫ ভাগ ব্রোকারেজ হাউজ ব্যবহারের অনুমতি দিয়েছে কমিশন। আজ মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫৬তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। 

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের মেইনটেইন্যান্স ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করার বিষয়ে নীতিগত ও আইনী প্রক্রিয়া শুরু করারও সিদ্ধান্ত হয়েছে। 

পাশাপাশি সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে অর্জিত সুদ আয়ের ২৫ শতাংশ স্টক এক্সচেঞ্জের ইনভেস্টরস প্রটেকশন ফান্ডে জমা দিয়ে বাকি অর্থ (ব্রোকাররা ব্যবহার করতে পারবে মর্মে সিদ্ধান্ত হয়েছে। 

উল্লেখ্য, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের একউন্টের টাকা কেন্দ্রীয়ভাবে যে একক অ্যাকাউন্টে জমা রাখা হয় তাকে সমন্বিত গ্রাহক হিসাব বা সিসিএ বলা হয়। অ্যাকাউন্টে থাকা অর্থের বিপরীতে ব্যাংক থেকে এতদিন যে সুদ আসতো তা ছিল অনেকটা বিতর্কিত সম্পদ। অ্যাকাউন্টে থাকা অর্থের ওপর বিনিয়োগকারীদের অধিকার থাকলেও সুদের ওপর অধিকার ছিল না। আবার ব্রোকাররাও ওই সুদের টাকাকে পুরোপুরি নিজেদের আয় হিসেবে দেখাতে পারতো না পারলেও পুরোটাই তারা গ্রহণ করত। বর্তমান কমিশন সেই নিয়মে পরিবর্তন আনল।