জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ বলেছেন, যে আওয়ামী সংবিধান বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে সেই আওয়ামী সংবিধানকে আমরা চিরদিনের মতো এদেশে অবাঞ্ছিত ঘোষণা করব। নতুন বাংলাদেশ এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করে যাব। এই দেশে শেখ হাসিনা কিংবা আওয়ামী রক্ত আছে এমন কারও পুনর্বাসন হবে না বলেও উল্লেখ করেন তিনি।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথসভার বক্তব্যে তিনি এ কথা বলেন। জনগণের বাংলাদেশ গড়তে চট্টগ্রামের মানুষের কাছে এনসিপির প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এনসিপিকে সহযোগিতা আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই। জনগণের কাছে ভিক্ষা চাই।’
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আপনাদের সঙ্গে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব যে বাংলাদেশের মালিক কোনো সরকার নয়, কোনো দল নয়Ñ যে বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ। যতদিন পর্যন্ত আমরা হকের পথে থাকব, হালালের পথে থাকব, সত্যের পথে থাকব, ন্যায়ের পথে থাকব, অন্যায়ের বিপক্ষে থাকব, দুর্নীতির বিপক্ষে থাকব, বাংলাদেশের পক্ষে থাকব, ভারতীয় আগ্রাসনের বিপক্ষে থাকব ততক্ষণ আপনাদের পাশে চাই।
এদিকে দিনাজপুরে পথসভায় সংগঠনটির আরেক নেতা সারজিস আলম বলেছেন, ‘খুনি হাসিনাসহ ফ্যাসিস্ট সরকারের চেয়ে বড় দুর্নীতিবাজ ও শোষক বাংলার মাটিতে কেউ ছিল না। আমরা ঐক্যবদ্ধ হওয়ার পরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তারা। আমরা আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত ােদখতে চাই। মা-বোনদের আগলে রাখতে হবে। নেতা হতে বড় কোনো ডিগ্রি বা সার্টিফিকেট লাগে না। দরকার হয় সাধারণ মানুষের ভাষা বুঝতে এবং শ্রমিকদের দুঃখ-কষ্ট বুঝতে।’
গতকাল মঙ্গলবার দুপুরে ও বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট, হাকিমপুর উপজেলায় পৃথক দুটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ কথাগুলো বলেন।
সারজিস বলেন, আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে মার্কা দেখে নয়, ভালো মানুষকে সমর্থন দেবেন। কোনো ব্যক্তি বা দলের অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই। আগামী দিনে দেশ ও আপনার এলাকায় কারা নেতৃত্ব দেবে সেই ভালো মানুষকে বেছে নিতে হবে। খারাপ মানুষগুলোকে বর্জন করতে হবে। তাহলে দেখবেন আমাদের নতুন বাংলাদেশ ভালো মানুষের হাতে চলে গেছে।