মা সৈয়দা ইকবাল মান্দ বানুর প্রতিষ্ঠিত সংগঠন ‘সুরভি’র সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে একান্ত সময় কাটালেন জোবাইদা রহমান। গতকাল মঙ্গলবার দুপুরে জোবাইদা রহমান ধানমন্ডির ‘সুরভি’ কার্যালয়ে আসেন। তিনি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ক্লাস রুমে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং বিষয়ভিত্তিক বিভিন্ন কাজ সম্পর্কে জানেন।
এরপর ‘সুরভি’র ৪০ বছরের সারা দেশের কর্মকান্ডের আলোকচিত্র ও ছবি প্রদর্শনী এবং মা ইকবাল মান্দ বানুর আঁকা ছবিওগুলো ঘুরে ঘুরে দেখেন জোবাইদা।
এর আগে সুরভি কার্যালয়ে এসে পৌঁছালে সংগঠনটির নির্বাহী পরিচালক মো. আবু তাহেরসহ শিক্ষক-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
১৯৭৯ সালে সৈয়দা ইকবাল মান্দ বানু সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় সুরভির যাত্রা শুরু করেন। ৪৬ বছরে সংগঠনটি বৃত্তিমূলক প্রশিক্ষণ, প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা, সামাজিক সচেতনতাসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করেছে। জনকল্যাণমূলক কাজের জন্য সরকার সৈয়দা ইকবাল মান্দ বানুকে স্বাধীনতা পদক প্রদান করেন।