ট্রেনের টিকিট কিনতে ১ কোটি ১৪ লাখ হিট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল মঙ্গলবার ছিল ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। শুরুর প্রথম ৩০ মিনিটেই পশ্চিমাঞ্চলের ১ কোটি ১৪ লাখ হিট করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ৬ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে ৩২ হাজার ৯৬৫টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১৩ হাজার ৬৭৮টি টিকিট বিক্রি হয়েছে। পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হয়। আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৪টি টিকিট। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিক্রি হয়েছে ১৬ হাজার ৯৫৪টি টিকিট।