ঢাকায় পৌঁছেছেন ফাহমিদুল

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে জাতীয় দলের স্কোয়াডে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বুধবার (২৮ মে) সকালে রোম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তরুণ এই মিডফিল্ডার। 

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল কর্মকর্তা। পরে আনুষ্ঠানিকতা শেষে তাকে টিম হোটেলে নিয়ে যাওয়া হয়।

আগামী ৩১ মে (শনিবার) শুরু হবে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প। তিন প্রবাসী ফুটবলারের মধ্যে সবার আগে ঢাকায় এসেছেন ফাহমিদুল, যা তার আত্মনিবেদন এবং জাতীয় দলের প্রতি আগ্রহেরই প্রমাণ। তার সঙ্গে আরও দুই প্রবাসী—ইংল্যান্ডপ্রবাসী হামজা চৌধুরী এবং কানাডাপ্রবাসী শমিত সোম—রয়েছেন প্রাথমিক স্কোয়াডে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি। এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীর। পাশাপাশি অভিষেকের সম্ভাবনা রয়েছে ফাহমিদুল ইসলাম ও শমিত সোমেরও।

তবে এই ডাক পাওয়া সহজে আসেনি ফাহমিদুলের জন্য। গত মার্চ ফিফা উইন্ডোতে সৌদি আরবের ক্যাম্পে থাকা সত্ত্বেও তাকে মূল স্কোয়াডে না রাখায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমর্থকদের বিক্ষোভ, যার জেরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরাসরি বাফুফে সভাপতিকে বিষয়টি নিয়ে জবাবদিহি করতে বলেন।

বাফুফের অনেক কর্মকর্তাই তখন ফাহমিদুলকে দলে না রাখায় কোচের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ জানান। শেষ পর্যন্ত জাতীয় দল কমিটির বৈঠকে কোচকে জবাবদিহিও করতে হয়। সেই সমালোচনার চাপেই কি না, এবার ডাকা হয়েছে বিতর্কিতভাবে উপেক্ষিত হয়ে পড়া ফাহমিদুল ইসলামকে। এখন বাফুফের কর্মকর্তারাও নিজ চোখে দেখতে পারবেন মাঠে তার পারফরম্যান্স।

প্রবাসী ফুটবলারদের আগমনে নতুন করে প্রাণ পেয়েছে জাতীয় দলের চারপাশের পরিবেশ। আগামী ২ জুন ঢাকায় পৌঁছাবেন হামজা চৌধুরী এবং ৩ জুন আসবেন শমিত সোম। প্রবাসীদের সংযুক্তিতে সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। আগামী ১০ জুনের ম্যাচটি হতে যাচ্ছে বহু দিক থেকেই বিশেষ, বিশেষ করে দেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনার সম্ভাবনাও তৈরি করেছে এই ম্যাচ।