ক্যারিয়ারের মধ্য গগনে পৌঁছেছেন মোহাম্মদ সালাহ। বয়স বাড়ছে তার। তবে আত্মবিশ্বাসে কোনো ভাটা নেই এই লিভারপুল তারকার। মিশরীয় ফরোয়ার্ড জানালেন, তিনি ৩৯ কিংবা ৪০ বছর বয়স পর্যন্ত খেলে যাওয়ার সামর্থ্য রাখেন। তবে দিন শেষে সিদ্ধান্তটা হবে মনের কথায়, শরীর বা বয়সের গণ্ডিতে নয়।
লিভারপুলের হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন ৩২ বছর বয়সী সালাহ। প্রিমিয়ার লিগ জয়ী মৌসুমে করেছেন ২৯ গোল, পাশাপাশি দিয়েছেন ১৮ অ্যাসিস্ট। এমন পারফরম্যান্সের পরও তার ভবিষ্যৎ নিয়ে ছিল জল্পনা। শোনা যাচ্ছিল, সৌদি প্রো লিগে যোগ দিতে পারেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্ট জানায়, সালাহকে আকাশছোঁয়া প্রস্তাব দিয়েছিল সৌদির ক্লাবগুলো—যেখানে তিনি অন্তত ৫০ কোটি পাউন্ড আয় করতে পারতেন।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গত মাসে অ্যানফিল্ডেই নতুন চুক্তিতে সই করেন সালাহ। আর মিশরের টিভি চ্যানেল ‘ওএন স্পোর্টস’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, এখনও সৌদি ক্লাবগুলোর সঙ্গে তার যোগাযোগ রয়েছে।
সালাহ বলেন, ‘আমার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। সে সময় সৌদি আরবে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত লিভারপুলের সঙ্গেই চুক্তি নবায়ন করি।’
সৌদি ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগের বিষয়েও খোলাখুলি বলেন তিনি, ‘ওদের সঙ্গে এখনো আমার সম্পর্ক ভালো। যোগাযোগও আছে। আমরা একে অন্যের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে কী হবে, তা আমি জানি না। আপাতত লিভারপুলে আছি এবং এখানে আরও দুই বছর থাকছি। তারপর দেখা যাবে পরবর্তী সিদ্ধান্ত কী হয়।’
সালাহ লিভারপুল ও চেলসির হয়ে মোট ১৮৬টি প্রিমিয়ার লিগ গোল করে এখন সর্বকালের তালিকায় পঞ্চম স্থানে। তার ঠিক সামনে আছেন অ্যান্ড্রু কোল (১৮৭)। শীর্ষস্থানটা দখলে নিতে সালাহর সামনে এখনো বেশ কিছু সময় রয়েছে—বিশেষ করে যদি তিনি ৪০ পর্যন্ত খেলে যেতে পারেন, যেমনটা তার বিশ্বাস।
সালাহ বলেন, ‘আমি খেলা থামাবো তখনই, যখন মনে হবে আর খেলার ইচ্ছা নেই। কিন্তু এখনো শরীর-মন ভালো আছে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি ৩৯ বা ৪০ বছর পর্যন্ত খেলা সম্ভব।’
সালাহর এমন বক্তব্য শুধু তার দীর্ঘায়িত ক্যারিয়ারের ইঙ্গিতই দেয় না, বরং বিশ্ব ফুটবলে সৌদি লিগের ক্রমবর্ধমান আকর্ষণকেও স্পষ্টভাবে তুলে ধরে। তবে অন্তত ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলেই দেখা যাবে মিশরের রাজপুত্রকে। এরপর হয়তো শুরু হবে তার মধ্যপ্রাচ্য অধ্যায়।