ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা ১০দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেছে বন্দরের
সিআ্যন্ডএফ ব্যবসায়ীরা। তবে সরকারি ছুটি ব্যতীত কাস্টমস ও বন্দরের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে বিষয়টি ভারতের হিলি এক্সপোটার্স আ্যন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনকে জানানো হয়েছে। পত্রে আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে শুরু করে ১৪ জুন শনিবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ জুন রবিবার থেকে পুনরায় দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য চালু হবে বলে জানানো হয়েছে।
হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। চাঁদ দেখা সাপেক্ষে সম্ভব্য আগামী ৭জুন দেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই উৎসব সুন্দরভাবে পালনের লক্ষ্যে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধের বিষয়টি পত্র মারফত ভারতীয় রপ্তানিকারকসহ দেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঈদের ছুটি শেষে ১৫ জুন থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে
আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম চালু হবে।
হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত স্যানাল বলেন, সিআ্যন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা বন্দর দিয়ে ১০দিন আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করেছেন। তবে ঈদ উপলক্ষে সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিন বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রমের কোন বন্ধ নেই। ঈদের দিন থেকে শুরু করে সব দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে।