বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার (২৮ মে) দুপুর ২টার পর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
এ ছাড়াও উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
এদিকে সমাবেশ উপলক্ষে দুপুর ২টার আগেই ঢল নামে দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের। সকাল থেকেই রাজধানীসহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নয়াপল্টনে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে বাড়তে রূপ নেয় জনস্রোতে।
কারও হাতে ছিল দলীয় পতাকা, কারও হাতে ফেস্টুন ও ব্যানার। অনেকেই দলীয় স্লোগান দিতে দিতে নাচ-গানে যোগ করে সমাবেশে নতুন মাত্রা।
নয়াপল্টনের পাশাপাশি ফরিকাপুল, বিজয়নগর, কাকরাইল ও দৈনিক বাংলা মোড় এলাকাতেও নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিটি মোড় ও সড়কজুড়ে জড়ো হয়েছেন সমর্থকরা।
এদিকে ঢাকা মহানগর পুলিশ সমাবেশস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানা গেছে।