চকলেটের মোড়কে ইয়াবা, সুন্দরবন কুরিয়ার থেকে আটক ১

কক্সবাজারে চকলেটের মোড়কে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেল যোগে পাঠানোর সময় ৪ হাজার ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর। বুধবার দুপুরে কক্সবাজার শহরের আলিরজাঁহাল শাখা কার্যালয়ে এ অভিযান চালানো হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

আটক মিজানুর রহমান (২২) টেকনাফ উপজেলার মৃত আব্দুর শুক্কুরের ছেলে।

সিরাজুল মোস্তফা বলেন, বুধবার দুপুরে কক্সবাজার শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আলিরজাঁহাল শাখায় পার্সেল যোগে মাদকের একটি চালান পাচারের খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কৌশলে পার্সেল প্রেরককে আটক করা হয়। পরে আটক যুবকের নামে কুরিয়ার সার্ভিস যোগে প্রেরণের জন্য রাখা পার্সেলের প্যাকেটটি জব্দ করা হয়। এ সময় প্যাকেটটি খুলে চকলেট সদৃশ কিছু মোড়ক পাওয়া যায়। পরে মোড়কগুলো খুলে পাওয়া যায় ৪ হাজার ইয়াবা।

আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক।