মানিকগঞ্জের হরিরামপুরে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তের নাম আব্দুল্লাহ আল-আমিন। অভিযানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।
বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা বাজারের মানবসেবা ফিজিওথেরাপি সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও কোহিনুর বলেন, আব্দুল্লাহ আল-আমিন ডাক্তার না হয়েও নামের পূর্বে ডাক্তার লিখে রোগী দেখতেন এবং পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দিতেন। অভিযানে তাকে হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।