২১ আগস্ট মামলা

খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি রবিবার

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলায় হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি মুলতবি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আগামী রবিবার (১ জুন) পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করেছে। এর আগে গত ১৫ মে শুনানি শুরু হয়।

গতকাল রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঁইয়া এবং আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া বলেন, আদালতে আমরা শুনানি করেছি। আগামী রবিবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে।

 ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় দলটির ২৪ জন নেতাকর্মী নিহত ও তিন শতাধিক আহত হন। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর রায়ে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ডেথ রেফারেন্স, আপিল, জেল আপিল ও অন্যান্য আবেদনের শুনানি শেষে অধস্তন আদালতের রায় বাতিল করে। ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৯ জনসহ সবাই খালাস পান। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে শুনানি চলছে।