লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৫০ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজি ও আশপাশের এলাকা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৫০ অনিয়মিত বাংলাদেশি অভিবাসী। গতকাল বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি চার্টার্ড ফ্লাইটে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা।

প্রত্যাবাসিতদের অধিকাংশই ছিলেন মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে ইউরোপে পাড়ি দিতে চাওয়া বাংলাদেশি নাগরিক। অনিয়মিত উপায়ে লিবিয়ায় প্রবেশের পর তারা সেখানে নানা সময়ে সংঘবদ্ধ অপরাধচক্রের দ্বারা অপহরণ, মুক্তিপণ দাবি, ও শারীরিক নির্যাতনের শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের অনিরাপদ ও বিপজ্জনক অভিবাসন পদ্ধতির ভয়াবহতা সম্পর্কে আরও সচেতনতা গড়ে তোলার প্রয়োজন। কর্মকর্তারা ফেরত আসা নাগরিকদের উদ্দেশে বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের পথ বেছে নেওয়া কখনোই উচিত নয়।’