মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১৬ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৮ জন পুরুষ, ৩ জন নারী ও ৫ জন শিশু।

গতকাল বুধবার রাতে পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান মহেশপুর খালিশপুরে অবস্থিত ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজিবির ভাষ্য, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা, খোসালপুর ও বেনীপুর বিওপি সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় এসব ব্যক্তি আটক হন।

আটকরা হলেন— নড়াইলের কালিয়া থানার হাড়িভাঙা গ্রামের আনার মিয়ার ছেলে ওমর ফারুক (২২), কক্সবাজারের টেকনাফ থানার ছোট হাবিবপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে তৈয়ব (৩৮), একই থানার কুচুবুনিয়া গ্রামের আবু হাসেমের ছেলে রাশেদ (২৪), রাশেদের ভাই মো. হারুণ (২৭) এবং চট্টগ্রামের মহেশখালী থানার আদর্শগ্রামের ফরিদ আলমের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।

এ ছাড়া সাতক্ষীরার দেবহাটা থানার সাংবেড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২৯), একই জেলার কলারোয়া থানার ঝাপাঘাটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরিফুল ইসলাম (৩৮) ও আশাশুনি থানার বসুখালী গ্রামের আব্দুস সবুরের ছেলে আবুল হাসানও আটক ব্যক্তিদের তালিকায় রয়েছেন।

এদিকে বিজিবির মাধবখালী, বাঘাডাঙ্গা ও উথুলী বিওপি কর্তৃক পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১৭০ বোতল ভারতীয় ফেনসিডিল। অন্যদিকে, মাটিলা বিওপির আরেক অভিযানে উদ্ধার হয় ৬৫০ পিস ভারতীয় ওষুধ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।’