৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০টি পদে স্বাস্থ্য ক্যাডার নিয়োগ হবে। এ ছাড়া সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ ক্যাডার নিয়োগ দেবে পিএসসি।
আজ বৃহস্পতিবার (২৯ মে) এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিষয়টি জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান।
পরীক্ষার অনলাইন আবেদন এবং ফি জমাদান শুরু হবে ১ জুন সকাল ১০টা থেকে। অনলাইনে আবেদন শেষ হবে ২৫ জুন সন্ধ্যা ৬টায়। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৫ জুন সন্ধ্যা ৬টার মধ্যে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরাই কেবল ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের মধ্যে ফি জমা দিতে পারবেন।
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে এবং সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd)-এ অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ পাওয়া যাবে।
এর আগে ২৭ মে বিশেষ বিসিএস পরীক্ষা নেওয়ার জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরকারি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।