সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। শৈশবের ক্লাবটিতেই থেকে যাবেন নাকি বেছে নেবেন নতুন ঠিকানা, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি ব্রাজিলিয়ান এই তারকা। তবে নেইমার জানিয়ে দিয়েছেন ভবিষ্যৎ নিয়ে কখন সিদ্ধান্ত নেবেন।
৩৩ বছর বয়সী ফরোয়ার্ড নেইমারকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে চায় সান্তোস। তবে প্রশ্ন হলো নেইমার কি থাকবেন।
চোট কাটিয়ে এক মাসের বেশি সময় পর গত সপ্তাহে সান্তোসের হয়ে মাঠে ফেরেন নেইমার। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নামেন তিনি, অবশ্য টাইব্রেকারে হেরে বিদায় নেয় সান্তোস।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে প্রীতি ম্যাচে লাইপজিগের বিপক্ষে শুধু প্রথমার্ধে খেলেন নেইমার। জার্মান ক্লাবটির বিপক্ষে ৩-১ গোলে হারের পর নেইমার বলেন, '(ভবিষ্যৎ নিয়ে) আমি এখনও জানি না। এ বিষয়ে আর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। আগেই বলেছি, আমি জানি না, কারণ এখনও এটা নিয়ে ভাবছি। তিন দিন পর আবার আমাকে জিজ্ঞেস করার কোনো মানে নেই, কারণ উত্তর একই হবে। আমি কেবল ১২ জুনের পর সিদ্ধান্ত নেব।'
আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপের কারণে আগামী ১২ জুন থেকে ব্রাজিলের শীর্ষ লিগ এক মাসের জন্য স্থগিত থাকবে। আর ৩০ জুন আগের চুক্তি শেষ হয়ে যাওয়ায় নেইমাকে তার আগেই সিদ্ধান্ত নিতে হবে।