সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদীতে উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকালে বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর নাট মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। 

সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে অন্যান্য উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, বারদী আশ্রম কমিটির সদস্য সচিব সাংবাদিক শংকর কুমার দে, বারদী ইউনিয়ন সাবেক সভাপতি মাওলানা ইব্রাহীম আদেলসহ বারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতারা।

মঙ্গলবার (৩ জুন) সোনারগাঁয়ে বারদী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আশ্রম কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

তিরোধান উৎসব সফল করার লক্ষে সভায় র‌্যাব, পুলিশের টহল বৃদ্ধি, দেশ বিদেশ থেকে আগত ভক্তদের নিরাপত্তা জোরদার, চুরি, ছিনতাই রোধে সিসিটিভি ব্যবস্থা, মেডিকেল টিম, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মেলায় কোনো প্রকার দোকানপাট থেকে টাকা উত্তোলন বন্ধ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশি ব্যবস্থা, ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।