বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক মিছিলে তারা হামলা করেছে, চট্টগ্রামে একজন নারী শিক্ষার্থীকে কীভাবে হামলা করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম দলের মিছিলে প্রকাশ্যে হামলা করার প্রচেষ্টা করেছিল। মূলত ৫ আগস্টের পর থেকে তারা বিভিন্ন ক্যাম্পাসে দখলদারিত্ব শুরু করেছে।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।
চট্টগ্রামের এক নারী শিক্ষার্থীর ওপর হামলার প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ছাত্রদল সেক্রেটারি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে বারবার আমরা বলে আসছি, শিবির গত সাড়ে ১৫ বছর বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলোতে তারা শুধু তাদের নেতাদের মুক্তির আন্দোলনে শরিক হয়েছে। তারা গণতান্ত্রিক আন্দোলনের সেভাবে সম্পৃক্ত হয়নি। ভোটাধিকারের জন্য গত ২০১৪ ও ২০১৮ সালের আন্দোলন যেভাবে বাংলাদেশের মানুষ করেছে সেখানে তাদের সম্পৃক্ত হতে দেখা যায়নি।’
তিনি বলেন, ‘শিবির যে প্রতিটি ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে ৫ আগস্টের পর থেকে, তা আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় বলে আসছে, গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদের চরমভাবে যে বিভ্রান্ত করা হচ্ছে, তা স্পষ্ট হচ্ছে। কুয়েটে ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু তার বিপরীতে ছাত্রদলের ওপর হামলা হয়েছে। হামলাকে কেন্দ্র করে একটি মব তৈরি করে উপাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে।