জামালপুরে ভিজিএফের ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ

জামালপুরের ইসলামপুরে অভিযান চালিয়ে ৬০৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। এই চালগুলো হতদরিদ্রদের জন্য বরাদ্দ ছিল। শুক্রবার (৩০ মে) রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা এলাকার আজগর আলীর বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়।

আজ শনিবার (৩১ মে) সকালে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও সোনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী আজগর আলীর বাড়িতে অভিযান চালান। এ সময় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৬০৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিত টের পেয়ে চাল মজুতকারীরা পালিয়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, সেনাবাহিনীর একটি টিম অভিযান শুরু করে পরে আমরা এসে যুক্ত হই। এ সময় ভিজিএফের ৬০৩ বস্ত চাল উদ্ধার করা হয়েছে। চাল মজুতকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।