ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে টানা মৌসুমী বৃষ্টির কারণে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ভারতের গোহাটি থেকে এ খবর জানিয়েছে এএফপি।
ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মৌসুমী বৃষ্টির মৌসুম। এই বৃষ্টি প্রচণ্ড গরমের পর কিছুটা স্বস্তি বয়ে আনলেও, পাশাপাশি বন্যা ও প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনে। প্রতিবছর এই সময়টিতে দেশজুড়ে বহু মানুষের মৃত্যু ঘটে।
আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার জানায়, গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তারা আরও জানায়, গত তিন দিন ধরে টানা বর্ষণের ফলে অনেক শহরাঞ্চলের রাস্তা পানিতে তলিয়ে গেছে এবং বন্যার সৃষ্টি হওয়ায় আসামের ১২টি জেলায় জরুরি সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে।
ব্রহ্মপুত্র ও তার শাখা নদীগুলোর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং অনেক স্থানে ইতোমধ্যেই ভাঙন শুরু হয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিবৃতিতে বলেন, আমরা গত তিন দিন ধরেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ইতোমধ্যে ত্রাণ হিসেবে চাল সরবরাহ করা হয়েছে এবং উদ্ধার দল মোতায়েন করা হয়েছে।